সোমবার ২৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক একজন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক একজন/ছবি: সংগৃহীত

কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাঁর মোবাইল ফোনে সিআইডির লোগোসংবলিত ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডির পোশাক পরা একটি ছবি পাওয়া গেছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ত্য জানায় কুমিল্লা জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান।

পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান, গত ২৪ অক্টোবর শাসনগাছা এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশ পুলিশের সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় কর্তব্যরত সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।

পরদিন ২৫ অক্টোবর রাসেল হোসেন ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান। সেখানে তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাঁর কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) বিষয়টি জানান।

তিনি বলেন, খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল দ্রুত ট্রাফিক পুলিশ কার্যালয়ে পৌঁছে তাঁর পরিচয় ও কর্মস্থল যাচাই করে। এতে নিশ্চিত হওয়া যায়, তিনি সিআইডির কোনো কর্মকর্তা নন।

পুলিশের দাবি, রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া নাম-ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।

এ সময় তাঁর মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি পাওয়া যায়। এ ছাড়া এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ভুয়া ছবিও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ধরনের ভুয়া পরিচয়ধারী ও প্রতারক চক্রের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অপতৎপরতা রোধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন