রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় পালিত হল ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - VAT Day and VAT Week celebrated in Comilla
কুমিল্লায় পালিত হল ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ/ছবি: সংগৃহীত

‘সময়মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় উদ্যাপন করা হচ্ছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। এ উপলক্ষে বুধবার সকালে নগরীর ঝাউতলার হোটেল এলিট প্যালেসে এক বিশেষ সেমিনারের আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা।

মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের সঠিকভাবে ভ্যাট পরিশোধে উৎসাহিত করতে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার কমিশনার মো. আব্দুল মান্নান সরদার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মো. আবদুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান এবং কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার নিতীশ বিশ্বাস। এতে কমিশনারেটের বিভাগীয় কর্মকর্তা, সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের অংশীজন এবং সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে ভ্যাট নিবন্ধন গ্রহণ ও ভ্যাট পরিশোধকে আরও সহজ এবং উৎসাহব্যঞ্জক করতে কমিশনারেট বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কেনাকাটার সময় ভ্যাট চালান গ্রহণে ক্রেতারা সচেতন হলে ভ্যাট ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর হবে বলে মত দেন তারা।

দেশের টেকসই উন্নয়নে করদাতা, ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এছাড়া বিজয়ের মাসে আয়োজিত এই কর্মসূচি ভ্যাটসংক্রান্ত সচেতনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন