রবিবার ১৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ ঘুরে দেখলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - DIG of Chittagong Range visited Durga Puja pandals in Comilla
কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ ঘুরে দেখলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার আয়োজক ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। কোথাও অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। মানুষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করছেন।

তিনি বলেন, দুর্গোৎসব নির্বিঘ্ন করতে এক মাস আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। পুরো চট্টগ্রাম রেঞ্জে গত এক মাস ধরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, মাদকবিরোধী অভিযান এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রতিমা তৈরির কাজ শুরু হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এমনকি প্রতিমা পরিবহনের সময়ও তাঁরা সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

পূজার বাকি দিনগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে বলে জানান ডিআইজি। তিনি বলেন, পুলিশের কাছে বডি-ওর্ন ক্যামেরা রয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ের নিয়ন্ত্রণকক্ষগুলো কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এবারের দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুমিল্লা জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্তদের নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন