বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১ হাজার শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Chhatra Shibir felicitates around 1,000 students who achieved GPA-5 in Cumilla.
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১ হাজার শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের (ইফসু) সেক্রেটারি জেনারেল মোস্তফা ফয়সল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. কাজী আকিব আবদুল্লাহ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরীর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও ব্যক্তিত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন, নৈতিকতা ও দায়িত্বশীলতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, নিজেদের মেধা, আগ্রহ ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যারিয়ার নির্বাচন করা প্রয়োজন। পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য শিক্ষাজীবন থেকেই প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তব্যে দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ও তুলে ধরেন নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ করে তেল, গ্যাস ও জ্বালানি খাতের সংকট ও অস্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন তিনি। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সুশাসন ও কার্যকর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

প্রধান বক্তা মোস্তফা ফয়সল পারভেজ শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আয়োজকদের তথ্যমতে, কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় এক হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার দেওয়া হয়।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের আয়োজন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।

আরও পড়ুন