
কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের সুমন ভোট দিয়েছেন। নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে তিনি ভোট দেন।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি আশাবাদী, জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ, বিজয়ের হাসি আমিই হাসবো।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের আয়োজন করায় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জাকারিয়া তাহের সুমন আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।
এ সময় ভোটকেন্দ্রে তাঁর সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।







