মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক

রাইজিং ক্যাম্পাস

RisingCumilla - Two Victoria College professors are the new secretary and college inspector of Comilla Education Board
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক/ছবি: সংগৃহীত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন সচিব এবং কলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দুই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে কুমিল্লা শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ এই দুই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। একইসঙ্গে কলেজ পরিদর্শক পদে দায়িত্ব দেওয়া হয়েছে ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়াকে।

জানা গেছে, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ১৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চর মনসা গ্রামে।

অন্যদিকে, অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া ২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকা এই দুই কর্মকর্তা কুমিল্লা শিক্ষা বোর্ডের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন