
সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৯৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নাহিদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফায়াজ রশিদ প্রিমু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইসমাইল হোসেন।
শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
পরে কমিটিটি কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে রয়েছেন ২৮ জন সহ-সভাপতি, ৫৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৪৫ জন সহ-সাধারণ সম্পাদক, ৫৪ জন সহ-সাংগঠনিক সম্পাদক। এছাড়াও একজন দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক, একজন প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক দায়িত্ব পেয়েছেন।
এর আগে গত বছরের ১৫ মে একযোগে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় এক বছর পর এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, “দীর্ঘদিন মাঠে সক্রিয় ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন ও পুরাতনের সমন্বয়ে একটি শক্তিশালী টিম তৈরি হয়েছে। আন্দোলন-সংগ্রামে সক্রিয় কর্মীদের পাশাপাশি ২০২৪ সালের আন্দোলনে ভূমিকা রাখা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই কমিটির মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।








