
কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন মনোনীত হয়েছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির ১১১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন।
নতুন তিন সিন্ডিকেট সদস্যের মধ্যে অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী ও অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম ডিন ক্যাটাগরিতে এবং অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন অধ্যাপক ক্যাটাগরিতে সদস্য হয়েছেন।
সিন্ডিকেটের ওই সদস্য জানান, ডিন ও অধ্যাপক ক্যাটাগরিতে সদস্য মনোনয়ন রোটেশনের মাধ্যমে হয়ে থাকে। ডিন ক্যাটাগরিতে দু’জনের মেয়াদ শেষ হওয়ায় রোটেশন অনুযায়ী বর্তমান দুই ডিনকে মনোনীত করা হয়েছে।
আর অধ্যাপক ক্যাটাগরিতে একজন সদস্যের মেয়াদ শেষ হওয়ায় রোটেশন অনুযায়ী তাঁর স্থলে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অপর সদস্যের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকায় ওই পদে এখনই পরিবর্তন আসছে না।
উল্লেখ্য,অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী কলা ও মানবিক অনুষদের ডিন এবং অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।










