বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত, এমডি হিসেবে ঢাকা ওয়াসার প্রকৌশলীকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Decision to form Cumilla WASA, appoint Dhaka WASA engineer as MD
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত, এমডি হিসেবে ঢাকা ওয়াসার প্রকৌশলীকে নিয়োগ/ছবি: প্রতিনিধি

কুমিল্লা নগরবাসীর সুপেয় পানি ও আধুনিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর আবেদনের প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় ঢাকা ওয়াসা থেকে একজন অভিজ্ঞ প্রকৌশলীকে ডেপুটেশনে এনে কুমিল্লা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার সচিব শহিদুল হাসান, কুমিল্লা সিটি করপোরেশন-এর প্রশাসক ইউসুফ মোল্লা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল-সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কুমিল্লা শহরের পানি সরবরাহ ব্যবস্থা আধুনিকায়ন, সুপেয় পানির সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে ওয়াসার কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, কুমিল্লা ওয়াসা গঠিত হলে নগরবাসীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনের পাশাপাশি আধুনিক ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন