
দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর বৈঠকে।
সোমবার জাতীয় সংসদে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন এ সংক্রান্ত সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী, বর্তমান ঢাকা বিভাগের পাঁচটি জেলা ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর নিয়ে ফরিদপুর বিভাগ গঠন করা হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ৬টি জেলা- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে কুমিল্লা বিভাগ গঠিত হওয়ার প্রস্তাব রয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি নিকার-এর বৈঠকে উপস্থাপন করা হবে।
এদিকে একই অধিবেশনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনী প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা সরকারের রয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, অবকাঠামোগত প্রস্তুতি, জনবল নিয়োগ ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়।
মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়েও আলোচনা হয় সংসদে। মন্ত্রী জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে আপাতত ইভিএম ব্যবহার করা হবে না। বর্তমানে ইভিএমগুলো বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে এবং প্রকল্পটি নিয়ে অডিট ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।









