
ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচলিত ধারণাগুলোর একটি হলো—রাতে ভাত খেলে ওজন বেড়ে যায়। তাই ডায়েট শুরু করলেই অনেকে সবার আগে খাবারের তালিকা থেকে ভাত বাদ দেন। তবে পুষ্টিবিদদের মতে, রাতে ভাত খাওয়াকে এককভাবে ওজন বৃদ্ধির কারণ হিসেবে দেখার সুযোগ নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ফুডের এক প্রতিবেদনে পুষ্টিবিদদের বরাত দিয়ে বলা হয়েছে, ওজন কমানো বা নিয়ন্ত্রণ মূলত নির্ভর করে একজন ব্যক্তি সারাদিনে কত ক্যালরি গ্রহণ করছেন এবং কতটা ক্যালরি খরচ করছেন তার ওপর। শুধু রাতের খাবারে ভাত রয়েছে কি না, সেটিই ওজন বাড়া-কমার প্রধান কারণ নয়।
ভারতীয় পুষ্টিবিদ রূপালী দত্তের মতে, রাতে ভাত খাওয়া নিজে থেকে ওজন বাড়ায় না। ওজন ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো সারাদিনের মোট ক্যালরি গ্রহণ ও ব্যয়ের হিসাব। শরীরের প্রয়োজনের তুলনায় কম ক্যালরি গ্রহণ করলে রাতে ভাত খেলেও তা ওজন বাড়ানোর কারণ হবে না।
ভাতের পরিমাণই গুরুত্বপূর্ণ
বিশেষজ্ঞরা ডায়েট থেকে ভাত পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে পরিমাণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়েছেন। রূপালী দত্তের পরামর্শ অনুযায়ী, প্রতি বেলায় আধা কাপ থেকে এক কাপ পর্যন্ত রান্না করা ভাত রাখা যেতে পারে।
তবে ভাতের সঙ্গে কী খাওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। শুধু ভাতের পরিবর্তে ডাল, পনির বা মুরগির মাংসের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত শাকসবজি রাখলে খাবারটি আরও সুষম ও পুষ্টিকর হয়।
রাতে ভাত খেলে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের মতে, ওজন কমানোর জন্য ভাত পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে চালের ধরন, খাবারের পরিমাণ এবং খাওয়ার সময়ের দিকে নজর দেওয়া উচিত।
তার পরামর্শ অনুযায়ী—
সাধারণ চালের পরিবর্তে হাতে ছাঁটা বা সিঙ্গেল-পলিশড চাল বেছে নেওয়া যেতে পারে।
রাতে ভাত খাওয়ার পর ঘুমানোর আগে অন্তত দুই ঘণ্টা সময় রাখা ভালো।
অতিরিক্ত খাবার গ্রহণ এড়িয়ে চলতে হবে।
সম্ভব হলে নিজের অঞ্চলে উৎপাদিত স্থানীয় চাল বেছে নেওয়া যেতে পারে।
ভাত নাকি রুটি—কোনটি ভালো?
ওজন কমানোর সময় অনেকেই রাতে ভাতের পরিবর্তে রুটি খান। কিন্তু পুষ্টিবিদ কবিতা দেবগনের মতে, ভাত বা রুটির মধ্যে সবার জন্য একটি নির্দিষ্টভাবে ভালো বিকল্প বেছে নেওয়া সম্ভব নয়।
কোনটি খাবেন, তা ব্যক্তির হজম ক্ষমতা, পছন্দ এবং পুরো দিনের খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। সঠিক পরিমাণে এবং প্রোটিন ও সবজির মতো পুষ্টিকর খাবারের সঙ্গে খেলে ভাত কিংবা রুটি—দুটিই স্বাস্থ্যকর রাতের খাবারের অংশ হতে পারে।
তাহলে রাতে ভাত খাওয়া যাবে?
পুষ্টিবিদদের বক্তব্য অনুযায়ী, ওজন কমানোর জন্য রাতের খাবার থেকে ভাত পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত প্রোটিন ও সবজি রাখা এবং সারাদিনের মোট ক্যালরি গ্রহণের দিকে নজর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
অর্থাৎ, পরিমিত পরিমাণ ভাতের সঙ্গে শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার মিলিয়ে সুষম রাতের খাবার খাওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণের জন্য কোনো একটি খাবারকে দায়ী না করে সামগ্রিক খাদ্যাভ্যাস ও পরিমাণের দিকে নজর দেওয়াই বেশি কার্যকর।
তথ্যসূত্র: এনডিটিভি ফুড









