
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায়বিচার পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, তাদের প্রতিটি বিষয় আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও আশ্বস্ত করেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসি কার্যালয়ে আসছেন। কেউ মনোনয়ন ফিরে পাওয়ার আশায়, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন।
ইসি জানিয়েছে, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। এরপর ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত।
এরই মধ্যে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।









