বুধবার ১ জুলাই, ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - exam
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে  উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৬। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ২ লাখ ৮৬৯ জন।

বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হওয়া এ পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে ঢাকাতেই রয়েছে ৪০টি কেন্দ্র।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ৩৫ দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার, কেন্দ্রের শৌচাগার তল্লাশি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তিনি বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি কোনোভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটে, তাহলে সেদিনের পরীক্ষা সারা দেশে স্থগিত করে নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধেই নয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূচি অনুযায়ী, এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের প্রত্যাশা, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে।

আরও পড়ুন