শনিবার ২৮ মার্চ, ২০২৬

উমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Religious Affairs Minister Kaikobad leaves for Saudi Arabia to participate in Umrah and Visit Forum
উমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সরকারি সফর।

শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার গন্তব্য মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন। মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামের সভায় তিনি যোগ দেবেন।

উমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক উমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মীয় কার্যক্রম পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই ফোরামের আয়োজন করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হবে।

সফরকালে ধর্মমন্ত্রী উমরাহ ফোরামে অংশগ্রহণের পাশাপাশি সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন। এছাড়া, তিনি এ বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন।

একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেলসমূহ পরিদর্শন করবেন তিনি।

ধর্মমন্ত্রী আগামী ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে।

আরও পড়ুন