
ঈদুল ফিতরের দিন পুরো বাংলাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য এই ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
স্ট্যাটাসে তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরের দিন এবং এর আগের দিন দেশের ওপর দিয়ে শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।
তিনি আরও জানান, এই সময় দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রঝড় এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়াবিদরা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ঝড়ের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।









