শুক্রবার ৮ মে, ২০২৬

আশুগঞ্জে দুই অভিযানে ২১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

রাইজিং কুমিল্লা ডেস্ক

আশুগঞ্জে দুই অভিযানে ২১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
আশুগঞ্জে দুই অভিযানে ২১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়।

অভিযানের সময় একটি পরিত্যক্ত টয়োটা হিলাক্স গাড়ি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যায় বলে জানা গেছে।

এরপর একইদিন সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে রহমত আলী সুজন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড়াইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত যানবাহন বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন