
“আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে CuCC Clean-Up Drive 2026। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোমবার (১৮ মে ২০২৬) নগরীর বিভিন্ন স্থানে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত দায়িত্ববোধ তৈরিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি তার বক্তব্যে নগরকে পরিচ্ছন্ন রাখতে সকল নাগরিককে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গঠনে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। নগরের পরিচ্ছন্নতা রক্ষায় ব্যক্তি, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








