
নন্দনপুর ডিআরএস-এ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮.০০ ঘটিকা হইতে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮.০০ ঘটিকা পর্যন্ত কুমিল্লা নগরীসহ আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর উপ-মহাব্যবস্থাপক আবু মোঃ জাহাঙ্গীর বাদশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাইজিং কুমিল্লার পক্ষ থেকে বিজিডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দনপুর উচ্চ চাপ রিমিট গ্যাস রেগুলেটিং স্টেশনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৮ নভেম্বর ২০১৫ রোজ শনিবার সকাল ৮.০০ ঘটিকা হতে ২৯ নভেম্বর ২০১৫ রোজ রবিবার সকাল ৮.০০ ঘটিকা পর্যন্ত ২৪ ঘণ্টা ইপিজেড, বিসিক, ক্যান্টনমেন্ট, কুমিল্লা শহর ও তদসংলগ্ন এলাকাসহ বুড়িচং এবং সদর দক্ষিণ উপজেলায় গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কাজের সময়সূচি অনুযায়ী গ্যাস বন্ধের সময় কিছুটা হ্রাস-বৃদ্ধি হতে পারে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সকলের সহায়তা কামনা করেছে।
এদিকে গ্যাস বন্ধের খবরে কুমিল্লা নগরীর আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের মধ্যে আগেভাগেই রান্না ও বিকল্প জ্বালানির প্রস্তুতি নিতে তৎপরতা দেখা গেছে।










