মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

২০২৪ সালের হজের নিবন্ধন শুরু ১৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

Hajj
হজ।—ফাইল চিত্র।

বাংলাদেশ থেকে ২০২৪ সালের হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজের নিবন্ধন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ প্যাকেজের মধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

সরকারি হজ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করবে। প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। হজযাত্রীরা নিবন্ধনের আগে হজ প্যাকেজ সম্পর্কে অবহিত হয়ে নিবন্ধন করবেন। নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না। এ ছাড়া নিবন্ধনের পর হজে যেতে ব্যর্থ হলে ইতোমধ্যে ব্যয় করা অর্থ কর্তনের পর অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে।

কোনো কারণে হজের খরচ বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে। বিমান টিকিট পরিবর্তন প্রয়োজন হলে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে। সব হজযাত্রীর জন্য বিমানের ইকোনমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।

আরও পড়ুন