শুক্রবার ৮ মে, ২০২৬

“হাসিনা যাবজ্জীবন সাজা দিয়েছিল, আর আল্লাহ বানালেন মন্ত্রী”: কুমিল্লায় ধর্মমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Hasina gave life sentence, and Allah made him a minister-Religious Affairs Minister in Comilla
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ/ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, “হাসিনা যাবজ্জীবন সাজা দিছে আর আমার আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে। আমার আল্লাহ যা চান তাই হয়।”

শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় “মসজিদুল কু’বা” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৌদি আরব প্রবাসী মামুন সরকারের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়।

ধর্মমন্ত্রী বলেন, “গত একযুগে আপনারা চিন্তা করছিলেন আমি আবার দেশে আসতে পারব, আবার নির্বাচন করব? এমপি হব! মন্ত্রী হব? আমারে তো নির্বাচন যাতে করতে না পারি সেজন্য মামলাও দিছে। আমার আল্লাহ সব ষড়যন্ত্র শেষ করে দিয়ে আমারে আপনাদের ভোটে এমপি বানাইছে। এরপর তারেক রহমান সাহেবকে দিয়ে মন্ত্রী বানাইছে।”

তিনি আরও বলেন, “মাদক, জুয়া ও চাঁদাবাজি সমাজের ব্যাধি। প্রশাসন ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। অভিযান চলবে। যে দল-মতেরই হোক, মাদককারবারী ও চাঁদাবাজদের কোনো রক্ষা নেই।”

একই দিন সকালে ধর্মমন্ত্রী মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ করেন। বিকেলে উপজেলা পরিষদের সামনে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন এবং বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুন