রবিবার ৫ এপ্রিল, ২০২৬

হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে সমন্বিত উদ্যোগের নির্দেশ কৃষিমন্ত্রীর

রাইজিং কুমিল্লা ডেস্ক

হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর/ছবি: প্রতিনিধি

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের বোরো ধানের ফসল রক্ষা ও সময়মতো কর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগকে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত হাওড়াঞ্চলের বোরো ধানের আবাদ, উৎপাদন ও কর্তন পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব রফিকুল ই মোহামেদ। এ সময় হাওড়াঞ্চলের বিভিন্ন জেলার মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, হাওড়াঞ্চল দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে এটি দেশের একটি প্রধান ভাণ্ডার। তাই এই অঞ্চলের ধান কোনোভাবেই যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ধান কাটাকে নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সময়মতো ধান কাটার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী নির্দেশ দেন, কম্বাইন্ড হার্ভেস্টার যেন পর্যাপ্ত পরিমাণে মাঠে থাকে। যেসব হার্ভেস্টার অচল অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত সচল করতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভাড়ায় হার্ভেস্টার এনে সময়মতো ধান কাটা সম্পন্ন করার ব্যবস্থা নিতে হবে।

এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, ধান কাটার মৌসুমে হার্ভেস্টারের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের কোনো সংকট হবে না। তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হবে।

এছাড়া হাওড়াঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে।

হার্ভেস্টারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কৃষি শ্রমিকের মাধ্যমেও ধান কাটার বিকল্প ব্যবস্থা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন