
মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে সিলেট-এ তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় জেনারেল এম এ জি ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর এই সেনানায়কের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








