
সারাদেশে চলমান অবরোধের ২৭ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে ১ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত) ১৬টি অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ তালিকায় রয়েছে বাস, ভ্যান, ট্রাক, পিকআপ, পণ্যের শো রুম, পুলিশ বক্স ও বিভিন্ন স্থাপনা।
বুধবার (১ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে এসব অগ্নিকাণ্ডের খবর এসেছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৪টি, ঢাকা বিভাগে ৬টি, চট্টগ্রাম বিভাগে ৩টি, রাজশাহী বিভাগ ৩টি ঘটনা ঘটে।
এ ঘটনায় ৯টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক, ১টি পিকআপ, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।
তিনি আরও জানান, ঢাকা মহানগরীতে (পোস্তগোলা, খিলগাঁও, বারিধারা) ৪টি, ঢাকা বিভাগে (সাভার, গাজীপুর) ৬, চট্টগ্রাম বিভাগে (কর্ণফুলী, রাঙ্গুনিয়া) ৩ এবং রাজশাহী বিভাগে (বগুড়া, সিরাজগঞ্জ) ৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের জন্য চাপ দিতে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ৩ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে।











