সোমবার ২৩ মার্চ, ২০২৬

সামনে তেল ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে, সতর্ক করলেন এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সামনে তেল ও নিত্যপণ্যের বাড়তে পারে, সতর্ক করলেন এলজিআরডি মন্ত্রী/ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতির সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে, যার ফলে তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বাড়তে পারে।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগজনক। ইরান, যুক্তরাষ্ট্রইসরাইল-এর মধ্যে চলমান সংঘাত দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, ফলে দাম বাড়তে পারে—এ বিষয়টি বাস্তবতা হিসেবে মেনে নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, কিছু গোষ্ঠী মানুষকে স্বর্গে নেওয়ার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে। এসব কথায় প্রভাবিত না হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ ও নৈতিক জীবনযাপন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। হালাল উপার্জন ও নৈতিকতার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত বলে উল্লেখ করেন।

নেহা নদী পুনঃখনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খাল খননের কাজ স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এই প্রকল্প কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, সারাদেশে প্রায় ২০ হাজার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে, যা দেশের কৃষি উৎপাদন ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে তেলের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। তবে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো ধরনের ভাঙচুর বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

সম্প্রতি ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে গম ও আলুর ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের দুর্দশা সরকার অনুধাবন করছে এবং তাদের পাশে দাঁড়াতে কাজ করছে।

তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে লাখো পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আরও অনেক নারীকে এই সুবিধার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন