
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, যাচাই-বাছাই ও নিষ্পত্তির লক্ষ্যে জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে মোট চার স্তরের কমিটি গঠন করেছে সরকার।
রোববার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত কমিটির সভাপতি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিব থাকবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।
এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে বদলির আবেদন পর্যালোচনা করবে এবং বিস্তারিত প্রতিবেদন মন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ করবে। আন্তঃবিভাগ ও আন্তঃসিটি কর্পোরেশন পর্যায়ের বদলির আবেদনও এই কমিটির অনুমোদনের ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।
বিভাগীয় পর্যায়ে গঠিত কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার। সদস্য হিসেবে থাকবেন বিভাগীয় উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) এবং সভাপতির মনোনীত দুইজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)।
একই বিভাগের মধ্যে (সিটি কর্পোরেশন ব্যতীত) শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই শেষে এই কমিটির অনুমোদনক্রমে বদলির আদেশ জারি করা হবে।
জেলা পর্যায়ে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে সভাপতি করে জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা ও সভাপতির মনোনীত দুইজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এই কমিটির অন্যতম দায়িত্ব হবে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করা।
এদিকে উপজেলা বা থানা পর্যায়ে শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা থানা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সভাপতির মনোনীত দুইজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে শিক্ষকরা আগে ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ পেয়েছেন, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়ন নিশ্চিত করতে হবে।










