মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সমালোচনা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে চান খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Food Minister Amin Ur Rashid wants to build a beautiful Bangladesh for future generations, not criticism
খাদ্য ভবনে খাদ্য অধিদপ্তর-এর সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ/ছবি: সংগৃহীত

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সমালোচনা করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। কিন্তু তারা সমালোচনা বন্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চান। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যাতে আগামী প্রজন্ম তাদের কাজের মাধ্যমে স্মরণ করে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খাদ্য ভবনে খাদ্য অধিদপ্তর-এর সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় খাদ্য অধিদপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। পাশাপাশি কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত খাদ্যে বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত হেভিমেটালের উপস্থিতি পাওয়া যাচ্ছে, যা থেকে বেরিয়ে আসা জরুরি। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন ও খাদ্যের মান— উভয় ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই একদিকে খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, অন্যদিকে মানও নিশ্চিত করতে হবে যাতে মানুষ খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তায় না থাকে।

তিনি আরও বলেন, যদি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-কে আরও উন্নত করা যায়, তাহলে আমদানি-রপ্তানিসহ সব ধরনের মান নিয়ন্ত্রণ তাদের মাধ্যমে করা সম্ভব হবে। এতে সংস্থাটি US FDA-এর সঙ্গে সংযুক্ত হতে পারবে এবং তাদের দেওয়া সনদ বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবে। সরকারের লক্ষ্য চালের পাশাপাশি অন্যান্য খাদ্যপণ্যও রপ্তানি করা।

মন্ত্রী জানান, গতানুগতিক কাজের ধারা থেকে বের হয়ে ভিন্নধর্মী উদ্যোগ নিতে চান তিনি। মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই দায়িত্ব নিয়েছেন এবং এ কাজকে অর্থবহ করতে কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শুধু সমস্যার কথা নয়— সম্ভাব্য সমাধানও তুলে ধরতে হবে। সম্মিলিতভাবে টিমওয়ার্কের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।

মন্ত্রী আরও বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে এবং জনগণের প্রত্যাশাও অনেক বেশি। তাই সবাইকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সুন্দর বাংলাদেশ রেখে যাওয়াই তাদের লক্ষ্য।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খাদ্য সচিব মো. ফিরোজ সরকার এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম কামরুজ্জামানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

সভায় প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

খাদ্য সচিব মো. ফিরোজ সরকার জানান, খাদ্য অধিদপ্তরের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি ভুল তথ্য বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দেন।

অন্যদিকে, মহাপরিচালক এ এইচ এম কামরুজ্জামান বলেন, অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ চালিয়ে যাবেন।

আরও পড়ুন