মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Cooperative banks must become instruments for the economic emancipation of the poor- Local Government Minister
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী/ছবি: সংগৃহীত

সমবায় ব্যাংককে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমবায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তবে, সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি ব্যাংককে টিকিয়ে রাখতে আর্থিক শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলাও জরুরি।

তিনি বলেন, ঋণ নিয়ে তা পরিশোধ না করার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। প্রাকৃতিক দুর্যোগ বা বাস্তব কোনো কারণে ঋণ পরিশোধে সমস্যা হলে তা মানবিকভাবে বিবেচনা করা হবে। কিন্তু ঋণের অর্থ অন্য কাজে ব্যয় করে ইচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া মেনে নেওয়া হবে না।

সমবায় ব্যাংকের বিভিন্ন সমস্যা যুক্তিসঙ্গতভাবে উপস্থাপনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের কল্যাণে ব্যাংকটিকে আরো কার্যকর করতে তিনি সমবায়ীদের সঙ্গে নিয়ে কাজ করবেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. সেলিম ফকির।

আরও পড়ুন