শনিবার ৪ এপ্রিল, ২০২৬

সব জেলায় ব্যালট পৌঁছাবে রোববারের মধ্যেই, মঙ্গলবার থামছে প্রচার

বাসস

Rising Cumilla - Ballot box
ব্যালট বক্স/ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করতে হবে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা এদিন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে এবারের নির্বাচনে মোট ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা যায়, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও আজ রোববারের মধ্যেই ব্যালট পেপার পৌঁছে যাবে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অন্যদিকে সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।

এদিকে, ঢাকা-১২ সংসদীয় আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম মাত্র ২ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। একই সঙ্গে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া, নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণে থাকবেন।

অন্যদিকে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, এবারের নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।

আরও পড়ুন