
প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়।
প্রথম ধাপে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার শপথ পড়ানোর দায়িত্ব পালন করেন। তবে গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সিইসি এই দায়িত্ব পালন করেন। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে দলের সিদ্ধান্ত তুলে ধরেন। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
এর আগে সকাল ৯টার পর থেকেই জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সদস্যদের আগমন শুরু হয়। সংসদ ভবনের বাইরে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে।
ভোটের হিসাবে বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট—এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।





