
শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় ও তাদের সুপ্ত প্রতিভার বিকাশে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক নতুন একটি পাঠ্যপুস্তক চালু করছে সরকার।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. মোক্তার আলীর টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সময়োপযোগী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও আনন্দদায়ক এবং তাদের সৃজনশীলতা ও অন্তর্নিহিত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রচলিত শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে নতুন বইটির মাধ্যমে শিখন কার্যক্রমকে আরও আনন্দময়, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ ও প্রকাশের আরও বিস্তৃত সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।









