শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - It is not just degrees that are needed, but practical and technical skills-Bobby Hajjaj
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ/ছবি: সংগৃহীত

কেবল প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি দিয়ে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তরুণদের বাস্তবমুখী শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণ সমাজকে দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা জরুরি। বিশ্বায়ন ও আধুনিক কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করতে হবে।

দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখা ও চর্চার সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। শ্রেণিকক্ষে মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ এবং যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দিতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা উন্নয়ন প্রয়োজন।

আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পেশাগত তথ্যের বড় একটি অংশ ইংরেজিতে প্রকাশিত হয় উল্লেখ করে তিনি বলেন, ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন না। তবে ইংরেজি চর্চার পাশাপাশি মাতৃভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করাও প্রয়োজন।

তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে। এ জন্য তরুণদের সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয়ের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার পথ সুগম করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

আরও পড়ুন