
শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দমুখর ও কর্মমুখী করে তোলা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানান, সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেছিলেন।
শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে স্বাগত জানান।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য যেন ভুলেই যান যে তাঁরা দেশের প্রধানমন্ত্রীর সান্নিধ্যে রয়েছেন।
কার্যালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।







