রবিবার ২৯ মার্চ, ২০২৬

শাহজালালে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - 153 gold bars recovered from cargo compartment of Shahjalal plane
শাহজালালে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ চোরাচালানবিরোধী অভিযানে বিমানের ভেতর থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেলের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জানা যায়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ফ্লাইট বিজি-৩৪৮’-এ এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।

আজ শনিবার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুবাই থেকে আগত ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে। এর আগে থেকেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটিকে নজরদারিতে রাখা হয়েছিল। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ফ্লাইট বিজি-৩৪৮-এর কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে কার্গো হোল্ডে অবস্থিত টয়লেটের প্যানেল খুলে দেখা হলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ কাজে বিমানের কারিগরি দলের সহায়তা নেওয়া হয়।

উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। সে অনুযায়ী মোট ওজন দাঁড়ায় ১৭ দশমিক ৭৮৪ কেজি। এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় ৩৮ কোটি টাকা।

উদ্ধারকৃত ১৫৩টি স্বর্ণের বার বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) জানিয়েছে, তারা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন