সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা/ছবি: বিএনপির সৌজন্যে

শাশুড়ি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পাশে টানা দুই সপ্তাহ অবস্থানের পর ফের লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডা. জুবাইদা রহমান।

শনিবার (আজ) সকাল সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এ লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি জানান, “ভাবী লন্ডন ফিরে গেছেন। ইনশাআল্লাহ, তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন।”

আতিকুর রহমান রুমন আরও বলেন, নির্ধারিত সময়েই বিমানটি ঢাকা ত্যাগ করেছে। ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান। তিনি বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করে চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে।

গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করে নিবিড় চিকিৎসা দেওয়া হয়।

বুধবার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা এক মাসের বেশি সময় ধরে স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ড আশাবাদী যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

এমন আশাব্যঞ্জক সংবাদের পর স্বামী ও সন্তানসহ দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই লন্ডনে গেছেন ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য একমাত্র কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে পাড়ি জমান ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুন