
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক গণমাধ্যমকে জানান, আজ শনিবার (৯ মার্চ) বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এরমধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করলে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি আরও জানান, সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে। তবে এর ভয়াবহতা কম ছিল। এজন্য দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তবে, আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।









