রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬

যে কারণে ভারতের গুজরাটের নর্মদা নদীতে বাড়ছে ইলিশ, উৎপাদন কমছে বাংলাদেশে

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Ilish
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ইলিশের উৎপাদন ধারাবাহিকভাবে কমলেও ভারতের গুজরাটের নর্মদা নদীতে বাড়ছে ইলিশের উপস্থিতি। অনুকূল বর্ষা, নদীর পানির প্রবাহ ও পরিবেশগত পরিবর্তনের কারণে নর্মদার মোহনা ইলিশের জন্য উপযোগী হয়ে উঠেছে বলে মনে করছেন মৎস্যবিজ্ঞানীরা।

ইলিশ মূলত পরিযায়ী মাছ। জীবনের বেশিরভাগ সময় সাগরে কাটালেও প্রজননের সময় মিঠা পানির নদীর দিকে ছুটে আসে। বর্ষাকালে নদীর পুষ্টিসমৃদ্ধ পানি সাগরে মেশার ফলে তৈরি হয় ইলিশের উপযোগী পরিবেশ।

গুজরাটের নর্মদা নদীর নিম্ন অববাহিকায় ভরুচের কাছে মিঠা ও লবণাক্ত পানির মিশ্রণ ইলিশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কামধেনু বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফিশারিজ সায়েন্সের সহকারী অধ্যাপক আর বি ভালা ও এ এম পারমারের মতে, পরিবেশগত পরিবর্তনের কারণে ইলিশের গতিপথেও পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশে কমছে ইলিশের উৎপাদন

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে। বিশ্বে উৎপাদিত ইলিশের বড় একটি অংশও বাংলাদেশে উৎপাদিত হয়।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০২-০৩ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ১ লাখ ৯৯ হাজার মেট্রিক টন। এরপর কয়েক বছর উৎপাদন বাড়লেও ২০২২-২৩ অর্থবছর থেকে আবার কমতে শুরু করে।

২০২২-২৩ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন হয় ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৫ লাখ ২৯ হাজার মেট্রিক টনে। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন আরও কমে হয় ৫ লাখ ৪ হাজার মেট্রিক টন।

২০২৫-২৬ অর্থবছরের আনুষ্ঠানিক হিসাব এখনো পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ওই অর্থবছরে ইলিশের উৎপাদন ৫ লাখ টনের নিচে নেমেছে।

কেন বদলাচ্ছে ইলিশের প্রজননক্ষেত্র?

বিশেষজ্ঞদের মতে, ভারত-বাংলাদেশের গঙ্গা-হুগলি-পদ্মা নদীব্যবস্থা একসময় ইলিশের অন্যতম প্রধান প্রজননক্ষেত্র ছিল। কিন্তু সময়ের সঙ্গে নদীর স্বাভাবিক পরিবেশে পরিবর্তন এসেছে।

ফারাক্কা ব্যারাজের প্রভাব, নদীতে বিভিন্ন নির্মাণকাজ, নাব্যতা কমে যাওয়া, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় ইলিশের চলাচল ও প্রজননক্ষেত্রে প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর ফলে ঐতিহ্যবাহী প্রজননক্ষেত্র থেকে ইলিশের গতিপথ পরিবর্তিত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

গুজরাটে চার বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন

গুজরাটে গত চার বছরের মধ্যে এবার সর্বোচ্চ ইলিশ উৎপাদন হয়েছে। রাজ্যের মৎস্যশিল্প কমিশনার বিজয় খারাদির তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে গুজরাটে ইলিশ উৎপাদন হয়েছিল ১৪ হাজার ১৯৮ দশমিক ৯৮ মেট্রিক টন।

২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন কমে হয় ৮ হাজার ২০৯ দশমিক ৪৮ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন ছিল ৮ হাজার ৫৩৫ দশমিক ৭৫ মেট্রিক টন।

তবে ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৭ দশমিক ৭২ মেট্রিক টনে।

নর্মদায় বাড়ছে অভ্যন্তরীণ জলসীমার ইলিশ

গুজরাটে ইলিশ উৎপাদন বৃদ্ধির বড় অংশ এসেছে অভ্যন্তরীণ জলসীমা থেকে। ২০২৪-২৫ অর্থবছরে রাজ্যের অভ্যন্তরীণ জলসীমায় ইলিশ উৎপাদন হয়েছিল মাত্র ১২৩ দশমিক ৬২ মেট্রিক টন। এক বছর পর ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৪৫ দশমিক ৯৯ মেট্রিক টন।

ভরুচ জেলায় এবার ইলিশ উৎপাদন হয়েছে ৭ হাজার ৪১০ দশমিক ৯ মেট্রিক টন। এর মধ্যে সামুদ্রিক ইলিশ ২ হাজার ৯৪৯ দশমিক ৭৬ মেট্রিক টন এবং অভ্যন্তরীণ জলসীমা থেকে এসেছে ৪ হাজার ৪৬০ দশমিক ৩৩ মেট্রিক টন।

রাজ্যের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৫১ শতাংশই এসেছে ভরুচ জেলা থেকে।

ইলিশের মৌসুমে বাড়ছে জেলেদের আয়

নর্মদায় ইলিশের উৎপাদন বাড়ায় স্থানীয় জেলেদের আয়ও বেড়েছে। নদীটির তীরবর্তী এলাকায় ২৫ হাজারের বেশি জেলে ইলিশ আহরণের সঙ্গে যুক্ত।

ভাদভুত গ্রামের জেলে ধবল মাচ্ছি জানান, বর্ষার চার মাসের ইলিশ মৌসুম তাদের আয়ের জন্য গুরুত্বপূর্ণ। হানসোট, দাহেজ ও ভাদভুত এলাকায় এবার তুলনামূলক ভালো ইলিশ ধরা পড়ছে।

ভরুচের জেলে রমেশ মাচ্ছির ভাষ্য, নর্মদায় এত বেশি ইলিশ ধরা পড়ার ঘটনা তারা আগে দেখেননি। ইলিশের বাড়তি আহরণ স্থানীয় জেলে পরিবারগুলোর আয়েও ইতিবাচক প্রভাব ফেলেছে।

গুজরাটের ইলিশ যাচ্ছে বাংলাদেশেও

গুজরাটের স্থানীয় বাজারে ইলিশের চাহিদা তুলনামূলক কম। ফলে উৎপাদিত ইলিশের একটি অংশ পশ্চিমবঙ্গের বাজারে পাঠানো হচ্ছে। একই সঙ্গে গুজরাটের ইলিশ বাংলাদেশেও আমদানি হচ্ছে।

ব্যবসায়ীদের হিসাবে, চলতি মৌসুমে ভরুচ জেলা থেকে প্রায় ২৫০ টন ইলিশ কলকাতা ও হাওড়ার বাজারে পাঠানো হয়েছে। কলকাতার বাজারে চাহিদা থাকায় গুজরাটের জেলেরা ভালো দাম পাচ্ছেন।

শুধু ইলিশ নয়, বদলাচ্ছে নদীর পরিবেশও

নর্মদায় ইলিশের বাড়তি উপস্থিতি শুধু মৎস্য আহরণের বিষয় নয়; এটি নদীর পরিবেশ ও ইলিশের পরিযায়ী আচরণে পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে।

নদীর পানির প্রবাহ, লবণাক্ততা, দূষণ ও জলবায়ু পরিবর্তন ইলিশের চলাচল ও প্রজননে দীর্ঘমেয়াদে কী ধরনের প্রভাব ফেলছে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সূত্র: এনডিটিভি, বিবিসি বাংলা

আরও পড়ুন