
ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্য সফরের প্রথম দিনেই বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক শহীদ আলতাব আলী-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (১২ জুন) দুপুর ২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর-এ পৌঁছানোর পর তিনি হিথ্রো জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্ক-এ গিয়ে শহীদ আলতাব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বৈষম্য, ঘৃণা ও বর্ণবাদ মানবতার জন্য বড় হুমকি। তিনি বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, জাতি, ধর্ম, বর্ণ কিংবা পরিচয়ের ভিত্তিতে মানুষের প্রতি বৈষম্য কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ ও সমতার চর্চাই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি।
শহীদ আলতাব আলীর আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, বর্ণবাদের বিরুদ্ধে তাঁর সংগ্রাম শুধু যুক্তরাজ্যেই নয়, বিশ্বব্যাপী ন্যায়, সাম্য ও মানবাধিকারের আন্দোলনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
উল্লেখ্য, ১৯৭৮ সালে বর্ণবাদী হামলায় নিহত হন আলতাব আলী। তাঁর স্মৃতিকে ধারণ করে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক আজও বর্ণবাদবিরোধী সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়।










