শুক্রবার ১৩ মার্চ, ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Prime Minister visits Mirza Abbas in hospital
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী/ছবি সংগৃহীত

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-কে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসের খোঁজখবর নেন। এসময় তিনি মির্জা আব্বাসের পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য সংগ্রহ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সন্ধ্যায় মির্জা আব্বাসকে বিমান অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে।

এছাড়া বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখতে যান। সাক্ষাৎকালে জামায়াতের আমির তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন