মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬

“মানুষের আস্থা ধরে রাখতে হবে”—কুমিল্লায় কৃষিমন্ত্রীর বার্তা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - “We must maintain people's trust”—Agriculture Minister's message in Comilla
“মানুষের আস্থা ধরে রাখতে হবে”—কুমিল্লায় কৃষিমন্ত্রীর বার্তা

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে এ দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে।

তিনি বলেন, গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে, তাদের প্রতি মানুষের মধ্যে চরম অসন্তোষ ও অতিষ্ঠতা ছিল। সেই ক্ষোভ থেকেই জনগণ বিদ্রোহ করেছে, আন্দোলনে নেমেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, “আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো জনগণের আস্থা ধরে রাখা। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।”

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের কর্ম ও আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে সক্ষম হবে। অতীতের যে রাজনৈতিক সরকারকে তিনি স্বৈরাচারী বলে উল্লেখ করেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তা ভুলে যাবে এবং বিএনপির প্রতি ভালোবাসা বাড়বে।

তিনি আরও বলেন, “এই দেশ আমাদের, এই কুমিল্লা আমাদের। দেশকে সুন্দর করা এবং কুমিল্লাকে উন্নত করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণ ভালোবেসে আমাদের ভোট দিয়েছে। সেই ভোটের যথাযথ মূল্যায়ন করতে হবে। আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারি—এটাই আমার প্রত্যাশা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।

আরও পড়ুন