সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Crowds gather at Manik Mia Avenue to attend Khaleda Zia's funeral
মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

দেশবাসীর প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখা এবং জানাজায় অংশ নেওয়ার গভীর ব্যাকুলতা নিয়ে ঢাকার পথে ছুটে এসেছেন সর্বস্তরের লাখো মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ—যে যেভাবে পেরেছেন, গতকাল মঙ্গলবার রাত থেকেই রাজধানীমুখী যাত্রা শুরু করেন তাঁরা।

আজ বুধবার সকাল হতেই সেই জনস্রোত মিশতে শুরু করে মানিক মিয়া এভিনিউতে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পরপরই দেশের নানা প্রান্ত থেকে ঢাকামুখী এই ঢল নামে। মঙ্গলবার দুপুরের পর থেকে মানুষের স্রোত আরও জোরালো হয়।

দক্ষিণাঞ্চলের ভোলা, বরিশাল ও চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা নদীপথে সদরঘাটে এসে পৌঁছান। একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা ট্রেন ও বাসগুলোতেও দেখা গেছে বাড়তি ভিড়। সবার গন্তব্য একটাই—জাতীয় সংসদ ভবন এলাকা।

তীব্র শীত উপেক্ষা করে গতকাল মঙ্গলবার গভীর রাত থেকেই মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সকাল গড়াতেই সংসদ ভবন চত্বর ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রিয় নেত্রীর জানাজায় সামনের কাতারে থাকার আশায় অনেকে ফুটপাতেই রাত কাটিয়েছেন।

জাতীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে কথা হয় বগুড়া থেকে আসা ৬২ বছর বয়সী কৃষক সাত্তার মিয়ার। লাঠিতে ভর দিয়ে তিনি গতকাল মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছান। থাকার জায়গা না পেয়ে তীব্র শীতের মধ্যেই সংসদ ভবনের সামনের রাস্তায় নির্ঘুম রাত কাটান তিনি। ভেজা চোখে সাত্তার মিয়া বলেন,
‘ম্যাডাম হামাগের মা। ওনারে শেষবারের মতো দেখমু না, তা কি হয়? শরীর চলে না, তাও মনের জোরে আসছি। ওনার জানাজায় শরিক হতে পারলেই শান্তি।’

সরেজমিনে দেখা গেছে, সমবেত মানুষের চোখেমুখে গভীর শোকের ছায়া। দলীয় কার্যালয়সহ বিভিন্ন সড়কে উড়ছে কালো পতাকা। ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আজ ভোর থেকেই মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। পাশাপাশি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে মানিক মিয়া এভিনিউয়ের পথে ছুটে আসছেন।

আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজায় ইমামতি করবেন। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জীবনের শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।

আরও পড়ুন