
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসার ১৩ বছর বয়সী শিক্ষার্থী মুহাম্মাদ আরাফাত হোসেন মাত্র ১ বছর ৮ মাস ৫ দিনে (২০ মাস) পবিত্র কুরআনুল কারীমের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
আরাফাত মুরাদনগর উপজেলার পুকুরপাড় গ্রামের বাসিন্দা মুহাম্মদ আকতার হোসেন ও মোসাম্মৎ শিখা আক্তার দম্পতির সন্তান। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার চট্টগ্রাম বারীয়া দরবার শরীফের তত্ত্বাবধানে পরিচালিত সদর ইউনিয়নের মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা যায়, আরাফাতকে হাফেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২৩ সালের ১ মার্চ তাকে মাদ্রাসার নূরানী বিভাগে ভর্তি করা হয়। এরপর নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের তত্ত্বাবধানে মাত্র ২০ মাসের মধ্যেই তিনি পবিত্র কুরআনের ৩০ পারা সম্পূর্ণ মুখস্থ করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এই সাফল্যের পেছনে প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ রবিউল্লাহ সিকদারের নিবিড় তত্ত্বাবধান ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ রবিউল্লাহ সিকদার বলেন, “আরাফাত অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র। অন্যান্য ছাত্রের চেয়ে সে বেশি পড়ালেখা করেছে। তার কঠোর পরিশ্রম তাকে সাফল্যের সিঁড়িতে উঠতে সাহায্য করেছে।”
তিনি শিক্ষার্থীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মাদ্রাসা সূত্রে আরও জানা গেছে, আরাফাতের এই কৃতিত্ব উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এদিকে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীল পীর মুফতী ছৈয়্যদ মুহাম্মদ শামসুদ্দোহা বারী হুজুর কেবলা প্রতিষ্ঠিত এই মাদ্রাসার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, আরাফাত ভবিষ্যতে একজন আদর্শ আলেম ও হাফেজ হিসেবে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।









