
মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর ভোর ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত সেনা ও নৌবাহিনী প্রধানগণের পাশাপাশি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষায় সদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ—এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সারাদেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
আজ থেকে ৫৪ বছর আগে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং প্রায় দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে।
মহান বিজয় দিবস উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।









