
জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২ মে) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।
এর আগে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে উচ্চ আদালতে যান তিনি। পরবর্তীকালে হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা আজ তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন।
সালেহ উদ্দিন সিফাত জানান, “রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দাপ্তরিক কার্যক্রম শেষ করে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরপরই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইসির মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এ নির্বাচনে অংশগ্রহণের জন্য গত ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১২ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









