
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতদের মধ্যে পাঁচজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে এবং একজনকে সংযুক্ত আরব আমিরাতে দাফন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত প্রত্যেক বাংলাদেশির পরিবারের জন্য সরকার ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। অবশিষ্ট মরদেহগুলোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট যেন গড়ে না ওঠে, সে বিষয়ে সতর্কতা রাখা হচ্ছে।
উল্লেখ্য, প্রায় ১৫ বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরব যান মামুন। সর্বশেষ পাঁচ বছর আগে তিনি দেশে এসেছিলেন।
গত মার্চ মাসে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ তার মৃত্যু হয়।
মরদেহ হস্তান্তরের সময় নিহত কর্মীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান মন্ত্রী। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে আশ্বাস দেন তিনি।








