
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, ভাষা আন্দোলন সবসময় আমাদের সংগ্রাম ও প্রতিরোধে সাহস যোগায়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া সব মাতৃভাষার উন্নয়ণ ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
ড. ইউনূস বলেন, জাতির এগিয়ে যাওয়ার সাথেই ভাষার গুরুত্ব নির্ভর করে। প্রযুক্তিদাতা, বিশ্বকে নেতৃত্ব দেয়া জাতির ভাষা বেশি গুরুত্ব পায়। সবাই সে ভাষা শেখার জন্যই ছুটে যায়। মাতৃভাষা সংরক্ষণে গবেষনার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে বেশ কয়েকজনের হাতে মাতৃভাষা পদক তুলে দেন প্রধান উপদেষ্টা।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মানুষের পরিচয়ের মূলেই রয়েছে মাতৃভাষা। সবাইকে নিজের মাতৃভাষার গুরুত্ব বুঝতে হবে। অন্যথায় থ্রি জিরো তত্ত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে না। কারণ, কাউকে পেছনে রেখে এগুলো বাস্তবায়ন করা যাবে না।









