
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ মে) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক উত্তরপাড়া এলাকায় কাউছার মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার রান্নাঘর থেকে ৩০ কেজি গাঁজা এবং ১ হাজার ৯৫০ প্যাকেট ভারতীয় ‘কিং কোবরা’ আতশবাজি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউছার মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার বাবরু মিয়ার ছেলে।
এদিকে পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত আসামি হাবিবুর রহমান ওরফে হাফেজকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ওসমান এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. তাজুল ইসলামকেও আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।








