
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।
অভিযানের সময় একটি বসতঘরের উত্তর পাশের কক্ষ থেকে মো. ফাহিম (১৯) ও মো. জনি (২২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।









