রবিবার ৫ জুলাই, ২০২৬

বেরোবি প্রেসক্লাবের আলোচনা সভা ও ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রেসক্লাবের আলোচনা সভা ও ‘ফল উৎসব’ অনুষ্ঠিত
বেরোবি প্রেসক্লাবের আলোচনা সভা ও ‘ফল উৎসব’ অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

বাংলার ঐতিহ্যবাহী মৌসুমি ফলের সমাহারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উৎসবে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আনারস, লটকন, আমলকীসহ দেশীয় নানা মৌসুমি ফলের সমাহার ছিল।

আলোচনা সভায় ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, ক্যাম্পাসকে আরও এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে মতবিনিময় করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকারের সঞ্চালনায় এবং সভাপতি গাজী আজম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, বেরোবি প্রেসক্লাব সবাইকে নিয়ে যে ফল উৎসবের আয়োজন করেছে, এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করেছি। এটি আমার কাছে ভালোবাসা ও কাজের স্বীকৃতির প্রতীক। বিগত ১৬ বছরে কোনো প্রশাসন এ উদ্যোগ নেয়নি। আমি চাই, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকুক। তারা শুধু নিজেদের জন্য নয়, বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রয়োজনেও যেন নিজেদের মেধা কাজে লাগায়। এজন্য বেরোবি প্রেসক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

আরও পড়ুন