
সারা দেশে গত দুদিনের বৃষ্টির পর আবারও শীতের আমেজ ফিরে এসেছে। এতে কিছুদিন আগে তুলে রাখা শীতের পোশাক অনেকেই আবার বের করতে বাধ্য হয়েছেন।
আজ সোমবার (২৩ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার তাপমাত্রা আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
গত বৃহস্পতিবার দেশের বেশির ভাগ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে শুক্রবার বৃষ্টির পর হঠাৎ করেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। রাজধানী ঢাকায় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে শনিবার ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের ৫১টি স্টেশনের মধ্যে বেশির ভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নরসিংদীতে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার কক্সবাজারের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশজুড়ে বিস্তৃত হাজার কিলোমিটারের একটি বৃষ্টিবলয়ের প্রভাবেই বাংলাদেশে এই বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে এমন পরিস্থিতি সাধারণত খুব বেশি দেখা যায় না। তবে ধীরে ধীরে এই বৃষ্টির ধারা কমে আসছে।
রবিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ মিলিমিটার। এর আগের দিন একই স্থানে বৃষ্টিপাত হয়েছিল ২৬ মিলিমিটার।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বৃষ্টির কারণে হঠাৎ তাপমাত্রা কমে গিয়ে শীতের মতো অনুভূতি তৈরি হয়েছে। তবে রবিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে এবং এটি ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। তিনি আরও জানান, আগামী শনিবার বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।









