বুধবার ২৭ মে, ২০২৬

বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন উদবাতুল বারী আবু

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Udbatul Bari Abu
উদবাতুল বারী আবু/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের কাউন্সিলর (কুমিল্লা প্রতিনিধি) হিসেবে মনোনয়ন পেলেন বিশিষ্ট ক্রীড়াসংগঠক ও ক্রীড়ানুরাগী কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি মো. উদবাতুল বারী আবু।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের সাধারণ পরিষদের কাউন্সিলর হিসেবে তাকে ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মু. রেজা হাসান স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে উদবাতুল বারীর মনোনয়ন সংক্রান্ত তথ্য পাঠানো হয়। চূড়ান্ত কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়ন ফরমও জমা দেওয়া হয়েছে।

মনোনয়ন ফরমে উল্লেখ করা তথ্যমতে, মো. উদবাতুল বারী কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার মনোনীত প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে আবেদন করেন। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, বিসিবির সাধারণ পরিষদে কুমিল্লার প্রতিনিধিত্ব নিশ্চিত হলে জেলার ক্রিকেট উন্নয়ন, খেলোয়াড় তৈরির সুযোগ বৃদ্ধি এবং অবকাঠামোগত অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন উদবাতুল বারী আবু।

উল্লেখ্য, বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর নির্বাচনের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনীত প্রতিনিধিদের তালিকা বর্তমানে চূড়ান্ত করা হচ্ছে।

আরও পড়ুন